নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি সোহান ওরফে জঙ্গি সোহানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) দুপুরে গ্রেফতার সোহানকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের পশ্চিম হাবিবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে সোনারগাঁও থানা পুলিশ।
গ্রেফতার সোহান উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।
তাকে গ্রেফতার করায় সোনারগাঁয়ে মোগড়াপাড়া ইউনিয়নসহ আশে পাশের ইউনিয়নের লোকজনের মাঝে স্বস্তি ফিরে আসে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপপরিদর্শক (এসআই) মো: ছারোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম হাবিবপুর গ্রাম থেকে ডাকাত সর্দার সোহানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও দস্যুতাসহ ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলাতেই সে এজাহারভুক্ত আসামি।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, গ্রেফতার সোহানকে আদালতে পাঠানো হয়েছে। সে এলাকায় ডাকাত সর্দার হিসেবে পরিচিত। তার বাহিনী নিয়ে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।
তিনি বলেন, তাকে গ্রেফতারের মাধ্যমে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে বলে আমরা আশা করছি। সেই সাথে মাদক, সন্ত্রাস ও যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



