ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজখবর নিতে ও ত্রাণ সহায়তা প্রদান করতে আজ (মঙ্গলবার) সুনামগঞ্জে আসছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) রাশেদ আল মাহমুদ তিতুমীর।
সোমবার (৪ মে) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মতিউর রহমান খান লিখিত নোটিশে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, তারা সকালে ঢাকার বাসা থেকে রওনা হয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন এবং সড়ক পথে সুনামগঞ্জে আসবেন।
বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউজে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন তারা। সভায় বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষয়ক্ষতি এবং চলমান ত্রাণ কার্যক্রম নিয়ে আলোচনা হবে।
এরপর দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে তারা বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের সাথে কথা বলবেন। সন্ধ্যায় সড়ক পথে সিলেট হয়ে বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে।



