কুড়িগ্রামে নদীভাঙন রোধ ও উন্নয়নের প্রতিশ্রুতি আসাদুল হাবিব দুলুর

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
নির্বাচনী সভায় আসাদুল হাবিব দুলুসহ অন্যরা
নির্বাচনী সভায় আসাদুল হাবিব দুলুসহ অন্যরা |নয়া দিগন্ত

নদীভাঙন রোধ, রাস্তাঘাটের উন্নয়নকে অগ্রাধিকার এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মো: মোস্তাফিজার রহমান মোস্তাফার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশার যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী মো: সোহেল হোসাইন কায়কোবাদ।

এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো: ওমর ফারুক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম এবং আব্দুল মান্নান মুকুলসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তিস্তা নদী আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করতে পারলে বন্ধুপ্রতীম চীন আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা করবে। এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমরা একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। দল-মত নির্বিশেষে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।’

লালমনিরহাট-৩ এমপি প্রার্থী ‍দুলু ভোটারদের উদ্দেশে বলেন, ‘ভোটের দিন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং ধানের শীষে ভোট দিন।’

অনুরূপ একটি জনসভা রাজারহাট উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।