মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দু’টি ফিলিং স্টেশনসহ বাজারের ডিলারের দোকানে জ্বালানি তেলের সরবরাহ নেই। এতে কৃষি সেচ প্রকল্পসহ যানবাহন চলাচল ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সেবা প্রদান ব্যাহত হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন রোগী ও জনসাধারণ।
মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার ফিলিং স্টেশন, বিভিন্ন বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ঘুরে তেল না পাওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার সদরের কাজলী সিনেমা হল মোড়ের মেসার্স নওরিন ফিলিং স্টেশন ও নায়েরগাঁও বাজারের মেসার্স প্রধানীয়া ফিলিং স্টেশনে গত পাঁচদিন যাবৎ জ্বালানি তেল নেই। জ্বালানি তেলের সরবরাহ না থাকায় চলতি মৌসুমের ধান, ভুট্টা ও রবি শস্য জমিতে কৃষকরা পর্যাপ্ত পানি দিতে পারছেন না। এতে জমি শুকিয়ে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে, ব্যক্তিগত যানবাহন ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা জ্বালানি তেল না পাওয়ায় গন্তব্য পৌঁছা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। ভাড়ায় ব্যয় হচ্ছে অতিরিক্ত অর্থ। তেল না থাকায় বিভিন্ন বাজারের সেবা প্রদানকারী জেনারেটরগুলো অকেজো হয়ে পড়েছে। একদিকে লোডশেডিং, অন্যদিকে জেনারেটর বন্ধ থাকায় ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন।
এছাড়া মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, পল্লী বিদ্যুতের কয়েকদিনের ঘন ঘন লোডশেডিং থাকায় তেলের অভাবে কর্তৃপক্ষ রোগীদেরকে জেনারেটর সেবা দিতে পারছে না। গরমের অস্বস্তিতে রোগী ও রোগীর স্বজনরা কষ্ট পাচ্ছেন। এ সময় শিশু রোগী বেশি থাকার কারণে বৈদ্যুতিক পাখা না চলায় শিশুরা কান্নাকাটি করছে।
চট্টগ্রাম বিভাগীয় চোরাচালান নিরোধ আঞ্চলিক ট্রাস্কফোর্স সভার সিদ্ধান্ত মোতাবেক ফিলিং স্টেশন ডিলার পয়েন্ট তেলের মজুদ সরবরাহ এবং বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি করার জন্য গত ২৫ মার্চ উপজেলা নির্বাহী কে এম ইশমাম মতলব দক্ষিণ উপজেলাধীন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন।
মতলব পৌর এলাকার মেসার্স নওরিন ফিলিং স্টেশনের ট্যাগ ও উপজেলা সমাজসেবা অফিসার টিটু চন্দ্র ধর এবং নায়েরগাঁও বাজারের মেসার্স প্রধানীয়া ফিলিং স্টেশনের ট্যাগ ও জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার ফেরদৌস আহম্মেদ বলেন, গত পাঁচদিন যাবৎ ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ না থাকায় তেল বিক্রি বন্ধ রয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতে বিক্রির রেজিস্টারে গড়মিল থাকায় মেসার্স নওরিন ফিলিং স্টেশনের মালিককে এক বছরের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা টাকা জরিমানা করা হয়েছিল। প্রধানীয়া ফিলিং স্টেশনের মালিককে দুই লাখ টাকা জরিমানা এবং জ্বালানি তেল জব্দ করা হয়েছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম রায়হান বলেন, ‘তেলের সঙ্কটে তেল কিনতে পারছি না। তেল কিনতে চাঁদপুরে লোক পাঠানো হয়েছে। কিন্তু গ্যালনে তেল না দেয়ায় হাসপাতালের জেনারেটর না চালাতে পারায় রোগী ও স্বজনদের কষ্ট হচ্ছে। তেল পেলে এ কষ্ট লাঘব হবে।’



