অপরাধ কর্মকাণ্ড দমনে নগরীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গত ৩২ ঘণ্টায় এসএমপির অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৬০ জনকে আটক করা হয়েছে।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ৪২ জন। এই সময়ে ট্রাফিক পুলিশ ১৬০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
এসএমপি সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, মাদকদ্রব্য উদ্ধার, ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার এবং মেট্রো অধ্যাদেশের আওতায় ৪২ জনকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে নিয়মিত মামলার ও সন্দেহভাজন ৯ আসামি, ওয়ারেন্টভুক্ত ৬ জন, বিনা পরোয়ানায় ১ জন ও মেট্রো অধ্যাদেশ আইনে আটক হয়েছেন ২৬ জন। এ সময় অভিযানে ৩ বস্তায় ১৪৭ কেজি ভারতীয় পোস্তদানা উদ্ধার করা হয়।
এদিকে এ সময় এসএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ৮১টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৭৯টি যানবাহন জব্দ করা হয়।
এছাড়া বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আরো ৮ ঘণ্টায় পরিচালিত অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ আরো ১৮ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে সন্দেহভাজন আসামি ৪, ওয়ারেন্টভুক্ত ১, মাদকসেবী ৭, হকার ৪ ও ২ জন জুয়াড়ি রয়েছেন। এ সময় ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ মে) সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, নগরীতে অপরাধ কর্মকাণ্ড দমনে এসএমপি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।



