পিরোজপুরের কাউখালীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে চার মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার বাশুরী এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় চিহ্নিত চার মাদককারবারিকে মাদকসহ আটক করা হয়।
গ্রেফতাররা হলেন উপজেলার সদর ইউনিয়নের বাশুরী গ্রামের ফজলুল হকের ছেলে মো: রাজু (৩০), একই এলাকার আবির তালুকদারের ছেলে মো: ফাহিম (২২), কাঠালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো: সজল (৩০) ও বরিশাল জেলার বানারীপাড়া পৌরসভার বাসিন্দা হোসেন ব্যাপারীর ছেলে কবির হোসেন (৪৮)।
কাউখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার বাশুরী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতায় চিহ্নিত চার মাদককারবারিকে মাদকসহ আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে কিছু মাদককারবারি যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছিল। পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে কমেছে। তারা মাদকবিরোধী এ ধরনের অভিযান আরো জোরদার করার দাবি জানান।
স্থানীয় বাসিন্দারা জানায়, পুলিশের সক্রিয় ভূমিকার কারণে আমরা স্বস্তি অনুভব করছি। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদককারবারি, সেবনকারী ও মাদক সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় আমরা ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। ভবিষ্যতেও মাদক নির্মূলে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরো বলেন, ‘মাদকমুক্ত কাউখালী গড়ে তুলতে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।’


