মাদারীপুরে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদী থেকে শুহিন সরদার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
ফাইল ছবি

মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদী থেকে শুহিন সরদার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের সাহেবরামপুর লঞ্চঘাট এলাকার নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শুহিন সরদার উত্তর সাহেবরামপুর এলাকার দুলাল সরদারের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শুহিন বাড়িতে তার অটোরিকশা রেখে বাইরে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার বিকেলে সাহেবরামপুর লঞ্চঘাট এলাকায় নদীর তীরে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এতে হত্যার সন্দেহ করছেন তারা।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে তিনি বাসা থেকে বের হন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।