নাটোরের লালপুরে দ্রুতগামী ট্রাকের চাপায় ইয়ামিন (১১) নামের এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী ইয়ামিন গৌরীপুর মধ্যপাড়া এলাকার শুকুর আলীর ছেলে এবং গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুলের টিফিনের সময় ইয়ামিনসহ কয়েকজন শিক্ষার্থীরা গৌরীপুর মোড়ে আইসক্রিম কেনার জন্য দোকানে যাচ্ছিল। পথে রাস্তা পারাপারের সময় ঈশ্বরদী থেকে লালপুরগামী একটি বেপরোয়া গতির ট্রাক ইয়ামিনকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: রুমাইয়া হক রাকা জানান, হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।
গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ইকতিয়ারুল ইসলাম জানান, রমজান মাসজুড়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেই মোতাবেক আজ শনিবার প্রথম দিন গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু ছিল।
তিনি আরো জানান, দুপুর ১টা থেকে ১টা ৫০মিনিট পর্যন্ত টিফিন চলাকালীন সময়ে শিক্ষার্থীরা টিফিন খেতে বের হয়। এ সময় ইয়ামিনসহ কয়েকজন শিক্ষার্থী রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় ইয়ামিন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে।


