গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।
রোববার (১২ এপ্রিল) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সদর থানা আমির মো: ফজলুল হক এবং পৌর আমির হুমায়ুন কবির।
এ সময় এনসিপি ও খেলাফত মজলিসসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের মতামতের প্রতিফলন হিসেবে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা জরুরি। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রধান ডাকঘরের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।



