ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া ট্রলির চাকায় পিষ্ট হয়ে মরিয়ম আক্তার (১০) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে পৌর এলাকার মেসার্স শফিউদ্দিন ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
মরিয়ম উপজেলা সদরের মদিনাতুল উলুম ইসলামীয়া মাদরাসার শিক্ষার্থী এবং নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড়কাজুলী গ্রামের আসাদুজ্জামানের মেয়ে।
জানা যায়, বাসা থেকে বের হয়ে মাদরাসায় যাওয়ার পথে নগরকান্দা পৌর এলাকার মেসার্স শফিউদ্দিন ফিলিং স্টেশনের সামনে দ্রুত গতির একটি ট্রলির চাকার নিচে পিষ্ট হয় মরিয়ম। এ সময় পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, ট্রলির চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রলিটি আটক করা হয়েছে।



