মুন্সীগঞ্জে জেলা ডিবি পুলিশের পৃথক দু’টি অভিযানে দুই হাজার ৬০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৪ জুন) সকালে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে এসব অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে শনিবার রাত সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (নি:) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম- এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম উপজেলার সিরাজদিখান বাজার থানা রোড মোড়ে পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করেন।
এ সময় জেলার টঙ্গীবাড়ী উপজেলার আমতলী গ্রামের শরীফ দেওয়ান (৩৫) ও ওই উপজেলার আউটশাহী গ্রামের জাকির শেখের (৫২) কাছ থেকে দুই হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য ছয় লাখ ৬০ হাজার টাকা বলে ডিবি সূত্রে জানা গেছে। এ সংক্রান্তে একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
অপরদিকে এর আগে একইদিন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অপর একটি মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে মাদককারবারি ও একাধিক মামলার আসামি ‘শান্তির ছেলে’ নামে মো: বাবু সরকার ওরফে আব্দুল জব্বারকে (৩৭) ৪শত পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৩ জুন) রাত সোয়া ৯টার দিকে ডিবি পুলিশের অপর একটি টিম জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (নি:) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন বৈখর পশ্চিম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় একাধিক হত্যা, অস্ত্র, মাদকসহ মোট ২৪টি মামলার আসামি মো: বাবু সরকারকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
তার বাড়ী মুন্সীগঞ্জ সদর থানাধীন বৈখর পশ্চিম পাড়া এলাকায়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল জানান।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে আরো জানানো হয়, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরো কঠোর থেকে কঠোরতর হবে।



