মুন্সিগঞ্জে র‍্যাবের অভিযানে রান্নাঘর থেকে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

স্থানীয়দের মধ্যে উদ্ধার হওয়া অস্ত্র নিয়ে নানা আলোচনা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রেখেছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় র‍্যাবের অভিযানে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১১।

র‍্যাব-১১, সিপিএসসি আদমজীনগরের লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা হোসেন্দী এলাকায় একটি বাড়িতে অভিযান চালান। এ সময় মৃত আবু বকরের ছেলে সাইফুলের রান্নাঘর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অভিযানের সময় সংশ্লিষ্ট কেউ ঘটনাস্থলে উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাসান আলী বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি র‍্যাব আমাদের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মধ্যে উদ্ধার হওয়া অস্ত্র নিয়ে নানা আলোচনা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রেখেছে।