শ্রীমঙ্গলে মসজিদের ভেতর বৃদ্ধ খুন

ফজরের নামাজ চলাকালীন হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে হাফিজ উল্লাহর ওপর হামলা চালায়।

এম এ রকিব, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

Location :

Sreemangal
বৃদ্ধ খুন
বৃদ্ধ খুন |ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে এক বৃদ্ধকে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (৩ এপ্রিল) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে।

নিহত হাফিজ উল্লাহ (৮০) উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালীন হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে হাফিজ উল্লাহর ওপর হামলা চালায়। এ সময় তিনি সিজদারত ছিলেন। হামলাকারী একটি কলম দিয়ে তার চোখ, মাথা ও মুখের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের দোকান থেকে বাকিতে পণ্য নেয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।