কুড়িগ্রাম প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী চীন সফর করলেও এ বিষয়ে কোনো অর্জন নিয়ে ফিরতে পারেননি। তিনি অভিযোগ করেন, উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধীদলের হওয়ায় সরকার বাজেট বৈষম্যের মাধ্যমে এ অঞ্চলকে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে।
বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় কৃষক শক্তির আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল শহীদ আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে। তিনি ছিলেন একজন কৃষক পরিবারের সন্তান। এ অঞ্চলে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ ও নেতৃত্বদানকারীদের অধিকাংশই কৃষক পরিবারের সন্তান ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, সরকার কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ফসল ক্রয় না করে দেশের কৃষিকে সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে দেশের খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।
সমাবেশে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
সমাবেশে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সেচ, সার ও বীজের সহজলভ্যতা বৃদ্ধি এবং উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করার দাবি জানানো হয়।
পরে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ উপলক্ষে সংগঠনটির আংশিক কমিটি ঘোষণা করা হয়।



