বগুড়া-৬ আসনের উপনির্বাচন

বিএনপি প্রার্থীর বক্তব্যের প্রতিবাদে নারীদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও

বুধবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা বলেন, ‘যারা নেকাব পরে ভোটকেন্দ্রে যাবেন, তারা নেকাব খুলে তারপর ভোট দিতে পারবেন।’

Location :

Bogura
বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিক্ষুব্ধ নারী ভোটাররা
বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিক্ষুব্ধ নারী ভোটাররা |নয়া দিগন্ত

বগুড়া অফিস
বগুড়া-৬ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার এক বক্তব্যের প্রতিবাদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ওই আসনের নেকাবধারী নারী ভোটাররা।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে তারা এ বিক্ষোভ ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন।

এর আগে বুধবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা বলেন, ‘যারা নেকাব পরে ভোটকেন্দ্রে যাবেন, তারা নেকাব খুলে তারপর ভোট দিতে পারবেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবার রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন চান, আলী আজগর হেনা, ফজলুল বারী বেলাল, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল, কে এম খায়রুল বাশার, যুবদল সভাপতি জাহাঙ্গীর আলমসহ দলীয় নেতাকর্মীরা।

বিএনপি প্রার্থীর এ বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হওয়ার পরপরই শহরের নেকাবধারী নারীরা ক্ষোভে ফেটে পড়েন। তাৎক্ষণিকভাবে বিপুলসংখ্যক নারী ভোটার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন।

পরে নারী নেত্রী সাজেদা সামাদ ও মুন্নী জুয়ারার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো: ফজলুল করিমের সাথে দেখা করে তাদের ক্ষোভের কথা জানান। এসময় তারা ভোটকেন্দ্রে নেকাব ও হিজাব পরিহিত নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

এ সময় রিটার্নিং কর্মকর্তা নারী ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরাপদে ভোট প্রদান ও বাড়ি ফেরার নিশ্চয়তা দেন। বিক্ষুব্ধ নারীরা বিএনপি প্রার্থীর বক্তব্য প্রত্যাহার ও তার বিচার দাবি করেন।

পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার নেকাব বিরোধী বক্তব্যের বিষয়ে জেলা প্রশাসনের কাছে বিচার দাবি করেন। পরে তারা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের কর্মসূচি শেষ করেন।