কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মানদীতে টহল ডিউটির সময় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের হামলায় ফাঁড়ির পুলিশ ইনচার্জসহ পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। তারা সবাই ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ ফাঁড়িতে কর্মরত।
জানা গেছে, নিয়মিত টহল ডিউটি পালনকালে লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির একটি দল পদ্মানদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।
আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেয়া হয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ছাড়া বাকি আহতরা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাবনা অতিরিক্ত পুলিশ সুপার মো: মশিউর রহমান বলেন, ‘ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ও জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’



