সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদী

কয়েস লোদী সিলেট সিটি করপোরেশনের লাগাতার চার বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর। তিনি সিসিকের প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান লোদীকে (কয়েস লোদী) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩-এর ধারা ৮(১) অনুযায়ী জনাব রেজাউল হাসান লোদী-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ০১ (এক) বছর মেয়াদে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে জানানো হয়।

কয়েস লোদী সিলেট সিটি করপোরেশনের লাগাতার চার বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর। তিনি সিসিকের প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া শুরু হয় ২০২২ সালে। সিলেট সিটি করপোরেশন এলাকা ও এর আশপাশ এলাকাকে পরিকল্পিতভাবে উন্নয়নের আওতায় আনতে, পর্যটনসমৃদ্ধ অঞ্চলগুলোকে আধুনিক অবকাঠামোসহ গড়ে তুলতে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে এই কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেয়া হয়।

২০২২ সালের ২২ আগস্ট মন্ত্রিসভা ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়। এর ধারাবাহিকতায় ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাস হয় ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩’।

গত বছরের ৩ ডিসেম্বর দৈনিক নয়া দিগন্তে "অবশেষে সচল হচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, নির্বাহী পরিচালক নিয়োগ" শিরোনামে একটা বিশেষ প্রতিবেদন ছাপা হয়। এরপর গত বছরের ডিসেম্বর থেকে সচল হয় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ।

গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের অধীন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম গণপূর্ত অধিদফতরের সিলেট কার্যালয়েই চলছে বলে জানা গেছে।

২০২৩ সালে জাতীয় সংসদে পাসের পর সিউক দীর্ঘদিন কেবল আইনেই সীমাবদ্ধ ছিল। দীর্ঘদিন পর গত বছরের নভেম্বর থেকে কার্যক্রম শুরু হয় স্বায়ত্তশাসিত এই সংস্থাটির।

কার্যক্রম সচল করার লক্ষ্যে ৩৩তম বিসিএসের মাঠ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো: সাদিউর রহিম জাদিদকে নির্বাহী পরিচালক হিসেবে পদায়ন করে সরকার।

গত বছরের ৩ নভেম্বর তিনি নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন। এর আগে সরকারের এই কর্মকর্তা চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, পরিকল্পিত ও আধুনিক সিলেট নগর গড়ার লক্ষ্যে ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাস হয় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৩। আইন পাসের দুই বছরের অধিক সময় পর গত নভেম্বরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সচল করার উদ্যোগ নেয়া হয়।

সিলেট নগরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার লক্ষ্যেই এই কর্তৃপক্ষ গঠন করা হয়। প্রজ্ঞাপন জারি হওয়ার পর এর বিধিমালা তৈরির কাজ শুরু হয়।

গণপূর্ত অধিদফতরের সিলেট কার্যালয়েই সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম চলছে বলে জানা গেছে। তবে খুব শিগগিরই আলাদা অফিস নেয়া হবে ও লোকবল নিয়োগ দেয়া হবে বলে জানা গেছে।