সিলেটে হাম সন্দেহে আরো ভর্তি ৯২

গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে নতুন করে ৯২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাসাপাতালে শিশু চিকিৎসাধীন রয়েছে
হাসাপাতালে শিশু চিকিৎসাধীন রয়েছে |ফাইল ছবি

সিলেট বিভাগে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে নতুন করে ৯২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৪৮ জন সন্দেহজনক হাম রোগী। একই সময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।

শনিবার (২৯ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার এক জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হওয়ায় এ সংখ্যা অপরিবর্তিত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৯২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৪, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২১, রাজীব রাবেয়া মেডিক্যাল হাসপাতালে ছয়, নর্থ ইস্ট হাসপাতালে এক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তিন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩৪৮ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩৩, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০৯, রাজীব রাবেয়া মেডিক্যাল হাসপাতালে ১৬, নর্থ ইস্ট হাসপাতালে চার, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৩, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২০, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে আট ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২১ জন চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু না হলেও চলতি বছরে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ১৫১। এর মধ্যে নিশ্চিত হাম রোগে ১০ জন ও সন্দেহজনক হাম বা উপসর্গ নিয়ে ১৪১ জনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে এখন পর্যন্ত সিলেটে ৫৯ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ২০ জন ও মৌলভীবাজারে ১৩ জন মারা গেছেন। মৃত্যুর সংখ্যায় সিলেট ও সুনামগঞ্জ যৌথভাবে শীর্ষে রয়েছে।

স্বাস্থ্য বিভাগের ধারাবাহিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, একদিনে মৃত্যুর ঘটনা না ঘটলেও হামের সংক্রমণ পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ছাড়ানোর পাশাপাশি প্রতিদিনই উল্লেখযোগ্যসংখ্যক সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। ফলে শিশুদের মধ্যে সংক্রমণ প্রতিরোধ, দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনা জোরদারে গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।

Topics