সিলেট নগরীতে অপরাধ কর্মকাণ্ড দমনে এসএমপি সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। গত ৩২ ঘণ্টায় এসএমপির অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৭০ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ৪৪ জন।
এই সময়ে ট্রাফিক পুলিশ ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
এসএমপি সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, মাদকদ্রব্য উদ্ধার, ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার এবং মেট্রো অধ্যাদেশের আওতায় ৪৪ জনকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে নিয়মিত মামলার ১৫ জন, ওয়ারেন্টভুক্ত ৮ জন, সন্দেহভাজন ৩ জন আসামি রয়েছেন। এসময় মেট্রো অধ্যাদেশ আইনে আরো ১৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ১৩১ বস্তা ভারতীয় জিরা, ৪৩ বস্তা ভারতীয় ফুসকা ও ১৪০০ পিস কিটক্যাট চকলেট জব্দ করা হয়।
এদিকে এসময় এসএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৭৮টি যানবাহন জব্দ করা হয়।
এছাড়া শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত আরো ৮ ঘণ্টায় পরিচালিত অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ আরো ২৬ জনকে গ্রেফতার করেছে।
এর মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জন মাদকসেবী, ২ জন চোর ও সন্দেহজনক ৬ জন এবং মেট্রো অধ্যাদেশ আইনে আরো ২ জন রয়েছেন।
রোববার এই তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, চুরি-ছিনতাই রোধ ও অপরাধ দমনে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকবে।



