সালথায় ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ৭, বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ

আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

Location :

Faridpur
এ সময় উভয় গ্রামের অন্তত ১২টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়
এ সময় উভয় গ্রামের অন্তত ১২টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয় |নয়া দিগন্ত

সালথা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সালথায় পূর্ববিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে অন্তত ১২টি বাড়ি। আগুন দেয়া হয়েছে একটি ট্রলি গাড়িতে ও একটি খড়ির গাদায়।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ ও কাউলীকান্দা গ্রামবাসীর মধ্যে এ সহিংসতার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, পূর্ববিরোধের জেরে মঙ্গলবার দুপুরে সিংহপ্রতাপ গ্রামের ইব্রাহিম মোল্যার সমর্থক মো: বাবু তালুকদার (২২) নামে এক ভ্যানচালক কাউলিকান্দা স্ট্যান্ডে গেলে তাকে মারধর করে কাউলীকান্দা গ্রামের হাবিবুর রহমান হাবির সমর্থকরা। বিষয়টি জানাজানি হলে বিকেলে সিংহপ্রতাপ ও কাউলিকান্দা গ্রামবাসীর মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে উভয় গ্রামের শতশত বাসিন্দা দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ। এ সময় উভয় গ্রামের অন্তত ১২টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। আগুন ধরিয়ে দেয়া হয় একটি খড়ির গাদা ও একটি ট্রলি গাড়িতে।

সংঘর্ষে উভয় গ্রামের ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।