সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

মুখ্য সীরাত আলোচকের বক্তব্যে মুফতি আলী হাসান উসামা আল-কুরআনের সূরা আল-আহযাবের ২১ নম্বর আয়াতের উদ্ধৃতি ‘অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সা:-এর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ’ স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘ আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনের সব ক্ষেত্রে সাফল্য ও শান্তি অর্জনে বিশ্বনবী সা:-এর জীবনাদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।’

সিলেট ব্যুরো

Location :

Sylhet
মুখ্য সীরাত আলোচকের বক্তব্য রাখেন মুফতি আলী হাসান উসামা
মুখ্য সীরাত আলোচকের বক্তব্য রাখেন মুফতি আলী হাসান উসামা |নয়া দিগন্ত

সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজে সীরাতুন্নবী সা: কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় নগরীর মিরবক্সটুলায় সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের অডিটরিয়ামে এ কনফারেন্সের অনুষ্ঠিত হয়।

কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা: শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে ও ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: হোসাইন আহমদের পরিচালনায় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সার। মুখ্য সীরাত আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী স্কলার ও লেখক মুফতি আলী হাসান উসামা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সার বলেন, হযরত মুহাম্মদ সা: ছিলেন সমগ্র মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তার জীবনে মানবতা, ন্যায় বিচার, সততা, সহনশীলতা, ক্ষমা, দয়া ও পরোপকারের যে অনন্য দৃষ্টান্ত রয়েছে, তা আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয়। বিশেষ করে চিকিৎসক সমাজের জন্য মহানবী সা:-এর মানবসেবা ও মানুষের প্রতি ভালোবাসার আদর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুখ্য সীরাত আলোচকের বক্তব্যে মুফতি আলী হাসান উসামা আল-কুরআনের সূরা আল-আহযাবের ২১ নম্বর আয়াতের উদ্ধৃতি ‘অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সা:-এর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ’ স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘ আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনের সব ক্ষেত্রে সাফল্য ও শান্তি অর্জনে বিশ্বনবী সা:-এর জীবনাদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘একজন চিকিৎসক কিংবা স্বাস্থ্য সেবক হিসেবেও মানবিক ও নৈতিক মূল্যবোধ বজায় রেখে আত্মনিয়োগ করতে সীরাতের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম ও ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অধ্যাপক ডা: ওয়েছ আহমদ চৌধুরী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: তহুর আবদুল্লাহ চৌধুরী।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা জাদুল আহমদ এবং নাতে রাসুল সা: পরিবেশন করেন শিল্পী হেলাল আহমদ।

কনফারেন্সে কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।