চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অ্যালকোহলযুক্ত হোমিওপ্যাথিক ওষুধ উদ্ধার করা হয়েছে। এ সময় মো: ফেলু মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মো: ফেলু মন্ডল আলমডাঙ্গা উপজেলার কুঠিপাইকপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই নওশাদ মাহফুজের নেতৃত্বে একটি দল কুশোডাঙ্গা গ্রামের পাকা সড়কে অভিযান চালায়।
অভিযানকালে ফেলু মন্ডলকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ মিলিলিটার ধারণক্ষমতার এক হাজার ২০০ বোতল অ্যালকোহলযুক্ত ‘হোমিওপ্যাথিক পটেন্সি মেডিসিন’ জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা অন্য সহযোগীরা অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়।
বুধবার (৫ আগস্ট) এ ঘটনায় জব্দকৃত আলামত তালিকাভুক্ত করে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক কারবারিকে আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।



