রাজাপুরে মাদকের আসরে ইউএনওর হানা, কারবারির কারাদণ্ড

ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ

‘মাদকমুক্ত রাজাপুর গড়তে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Rajapur
রাজাপুরে মাদকের আসরে অভিযান চালিয়েছেন ইউএনও রিফাত আরা মৌরী
রাজাপুরে মাদকের আসরে অভিযান চালিয়েছেন ইউএনও রিফাত আরা মৌরী |নয়া দিগন্ত

ঝালকাঠির রাজাপুরে মাদকের আসরে অভিযান চালিয়ে মো: মিজানুর রহমান নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী। এ সময় তার কাছ থেকে ছয় পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদী জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের আসর থেকে মিজানুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ইউএনও রিফাত আরা মৌরি বলেন, ‘মাদকমুক্ত রাজাপুর গড়তে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’