সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশী নিহত

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদ তার আরো দুই সহযোগীসহ ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা সেখানে চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিলেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত সালেহ আহমেদ জয়ধর
ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত সালেহ আহমেদ জয়ধর |নয়া দিগন্ত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক। এর আগে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ভারতের প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে।

নিহত সালেহ আহমেদ জয়ধর কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার সংলগ্ন কারবালারটুক গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদ তার আরো দুই সহযোগীসহ মাদকের চালান আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা সেখানে চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ভারতীয় খাসিয়া সম্প্রদায় তাদের ‘সুপারি চোর’ সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সালেহ আহমেদের সাথে থাকা নাজিরগাঁও গ্রামের মো: সুমন মিয়া (২৫) ও কারবালারটুক গ্রামের মো: মাসুম আহম্মদ (২০) লাশ বহন করে বাংলাদেশে নিয়ে আসেন।