দিনাজপুরের পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মোস্তফাপুর ইউনিয়নের ছোট চন্ডিপুর (কালিরহাট) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার নিপেন চন্দ্র রায়ের স্ত্রী সবিতা রানী (৩৫) ও তাদের মেয়ে পল্লবী রানী (১৫)।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরা অনুপস্থিতি ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে নিহত সবিতার স্বামী নিপেন বাড়িতে ফিরে দেখেন তাদের শয়ন কক্ষের কাঠের বর্গায় লাগানো সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় মা ও মেয়ে ঝুলছে। এসময় চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’টিকে উদ্ধার করে।
ওসি আব্দুল ওয়াদুদ জানান, লাশ দু’টি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



