খালেদা জিয়ার জন্মদিনে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ

মাহফুজুর রহমান রিটন বলেন, খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছেন। তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন।

রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দোয়া মাহফিল ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের সপুরা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। খাবার বিতরণের আগে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মাহফুজুর রহমান রিটন বলেন, খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছেন। তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণ ও দেশের মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করছেন।

কর্মসূচিতে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহীন ইকবাল ও ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সোবহান লিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার।

এ সময় শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবার আলী জ্যাকি, সাবেক যুবনেতা রবিন-উল-হাসান জাহিদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।