গফরগাঁওয়ে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত

ঘটনার দিন সকাল থেকেই মনির হোসেন উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। একপর্যায়ে তিনি দা ধার করে নিজের ছেলেকে মারতে উদ্যত হন।

Location :

Gaffargaon
নিহত রিফাত হাসান
নিহত রিফাত হাসান |নয়া দিগন্ত

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ও ময়মনসিংহ অফিস

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চাচার দায়ের কোপে রিফাত হাসান (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত চাচা মনির হোসেন পলাতক রয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিফাত পাঁচুয়া গ্রামের আবুল মুনসুরের ছেলে এবং গফরগাঁও সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। অন্যদিকে অভিযুক্ত মনির হোসেন প্রতিবেশী মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মনির হোসেন এলাকার চিহ্নিত মাদকসেবী। তার সাথে নিহত রিফাতের বাবা আবুল মুনসুরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। পাশাপাশি পারিবারিক কলহও ছিল।

ঘটনার দিন সকাল থেকেই মনির হোসেন উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। একপর্যায়ে তিনি দা ধার করে নিজের ছেলেকে মারতে উদ্যত হন। এ সময় রিফাত বাধা দিতে গেলে মনির তাকে লক্ষ্য করে দা দিয়ে কোপ দেন। এতে রিফাত গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত অবস্থায় রিফাতকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই রিফাতের মৃত্যু হয়। তার লাশ মর্গে রাখা হয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।