সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা হাল হাওরে (গয়াসি হাওর) বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টার দিকে ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের অন্তর্গত বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন— মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামালপুর (কালারবাজার) গ্রামের ছাবির আহমদ (৪০) ও হামিদ মিয়া (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি নৌকায় করে তিন জেলে হাল হাওরে (গয়াসি হাওর) বড়শি দিয়ে মাছ ধরতে যান। দুপুর ১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা দুই জেলে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাদের সাথে থাকা অপর একজন হাওরের পানিতে পড়ে নিখোঁজ হন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। বজ্রপাতের সময় থেকে একজন নিখোঁজ রয়েছেন। তার নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে হাওরে তল্লাশি চালানো হচ্ছে।



