ময়মনসিংহে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

বর্তমানে হাসপাতালটিতে ১৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮৭ জন পুরুষ, ৪২ জন নারী ও ১০ জন শিশু।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল |ফাইল ছবি

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মনির হোসেন (৪৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পার্সন ডা: মো: সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মনির ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৭৯ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে হাসপাতালটিতে ১৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮৭ জন পুরুষ, ৪২ জন নারী ও ১০ জন শিশু।

হাসপাতাল সূত্র আরো জানায়, ২০২৬ সালে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই হাজার ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১৫ জনের।

ডেঙ্গু রোগীর চাপ বাড়ায় হাসপাতালে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা।