নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর বুড়িচংয়ে অবৈধ পশুর হাট উচ্ছেদ

স্থানীয়দের অভিযোগ ছিল, প্রতিটি গরু থেকে ১০০০ থেকে ২০০০ হাজার টাকা এবং ছাগল থেকে ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত খাজনা আদায় করা হলেও এসব আদায়ের কোনো সরকারি বৈধতা ছিল না। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছিল।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong
বুড়িচংয়ে প্রশাসনের অভিযানে উচ্ছেদ হলো অবৈধ হাট
বুড়িচংয়ে প্রশাসনের অভিযানে উচ্ছেদ হলো অবৈধ হাট |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের লাটুয়ার বাজারে সরকারি অনুমোদন ও ইজারা ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত পশুর হাটে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (১১ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাজার এলাকায় অবৈধভাবে স্থাপন করা বাঁশ ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

এর আগে, দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছিল, কংশনগর, নিমসার, কাবিলা ও ময়নামতি বাজারের মাঝামাঝি অবস্থানে লাটুয়ার বাজার বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সুযোগ কাজে লাগিয়ে একটি প্রভাবশালী চক্র কোনো সরকারি অনুমোদন ছাড়াই প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার গরু-ছাগলের হাট বসিয়ে আসছিল।

স্থানীয়দের অভিযোগ ছিল, প্রতিটি গরু থেকে ১০০০ থেকে ২০০০ হাজার টাকা এবং ছাগল থেকে ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত খাজনা আদায় করা হলেও এসব আদায়ের কোনো সরকারি বৈধতা ছিল না। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছিল।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনায় অবৈধ বাজারটিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ব্যবহৃত বাঁশ জব্দ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।