চলতি ঈদুল আজহায় পদ্মা সেতুতে ২১মে থেকে ৩০মে পর্যন্ত ১০ দিনে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। একইসাথে ঈদের ছুটির শেষ কর্মদিবস ২৪মে থেকে ঈদ পরবর্তী গতকাল শনিবার ৩০মে পর্যন্ত গত সাত দিনে পদ্মা সেতুতে ২ লাখ ৩৯ হাজার ২১৮টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ২৫ কোটি ৭৪ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা।
রোববার বিকেলে (৩১ মে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মাসুদ রানা শিকদার ও সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাইট অফিস থেকে দেয়া টোল রিপোর্টের তথ্য অনুযায়ী, চলতি ঈদ পূর্ব ২৪মে থেকে ঈদ পরবর্তী গত শনিবার ৩০মে পর্যন্ত গত সাত দিনে পদ্মা সেতুতে ২ লাখ ৩৯ হাজার ২১৮টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ২৫ কোটি ৭৪ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা।
ঈদের দিনও ২৮মে ২৪ ঘন্টায় ২০ হাজার ৮১৫টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ২ কোটি ৫ লাখ ৬৪ হাজার ৪৫০ টাকা। ঈদের পরের দিন ২৯ মে ২৪ ঘন্টায় ২৭ হাজার ৬৪৬টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৬ হাজার ৪০০ টাকা। ঈদের তৃতীয় দিনে শনিবার ৩০মে ২৪ ঘন্টায় ৩০ হাজার ৮৩টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা।
এর আগে, ঘরমুখো মানুষের ঈদযাত্রার শেষ দিনে ২৭মে পদ্মা সেতুতে ২৪ ঘন্টায় ৩৯ হাজার ৭৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে করে এদিন মাওয়া ও জাজিরা প্রান্ত মিলে ক্যাশ, ক্রেডিট ও ইটিসিসহ মোট টোল আদায় হয়েছে ৪ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ২০০ টাকা। এর আগের দিন ২৬মে ২৪ ঘন্টায় মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোট ৪৫ হাজার ৬০২টি যানবাহন পারাপার করা হয়। এতে মোট টোল আদায় হয়েছে ৫ কোটি ৩ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। এটি সেতুর চালুর পর থেকে টোল আদায়ে সর্বোচ্চ দ্বিতীয় রেকর্ড গড়ে।
এর আগে ২৫মে ২৪ ঘন্টায় মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোট ৪৪ হাজার আটটি যানবাহন পারাপার করা হয়। এতে মোট টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা। সেতুর চালুর পর থেকে এদিনও টোল আদায়ে সর্বোচ্চ আরেকটি রেকর্ড গড়ে। ঈদের ছুটির শেষ কর্মদিবসে ২৪মে ২৪ ঘন্টায় মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোট ৩১ হাজার ৯৮৫টি যানবাহন পারাপার করা হয়। এতে ক্যাশ, ক্রেডিট ও ইটিসিসহ মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৮৪ লাখ ১৭ হাজার ২০০ টাকা।
সেতু কর্তৃপক্ষ সূত্র আরো জানায়, গত বছরের তুলনায় এ বছর বেশি যানবাহন সেতু পারাপার হলেও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দূরদর্শী ও কার্যকর দিক-নির্দেশনায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে নির্বিঘ্নে ও স্বস্তিতেই পদ্মা সেতু পারাপার হতে পারছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চলাচলকারী যাত্রী ও যানবাহন। ফলশ্রুতিতে এই পরিসংখ্যানগুলো দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা এবং দক্ষতার প্রতিফলন। ফলে পদ্মা সেতুতে ২১মে থেকে ৩০মে পর্যন্ত ১০ দিনে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে এবং মোট টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।
ঈদুল আযহার ঈদযাত্রা উপলক্ষে এক বিবৃতিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করেন। এরই ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীও ঈদযাত্রায় সার্বক্ষণিক মনিটরিং করেন। এই সাফল্যের মাধ্যমে ঘরমুখো মানুষের ঈদযাত্রা আরো স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হয়েছে।
নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় জানান, নির্দেশনা অনুযায়ী আগেভাগেই টোলপ্লাজায় বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়। একইসাথে আইনশৃঙ্খলা বাহিনী, জেলা ও স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টায় সার্বক্ষণিক মনিটরিং ছিল। একইসাথে সেতুতে অত্যাধুনিক ক্যাশলেস ‘ডি’ টোল সুবিধা ও দুই প্রান্তে সব মিলিয়ে মোট ১৯টি টোল বুথ সার্বক্ষণিক সচল থাকায় গেলো ঈদুল ফিতরের মতো চলতি ঈদেও ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হয়েছে। টোলপ্লাজায় কোনো প্রকার জটও পরিলক্ষিত হয়নি।
উল্লেখ্য, টোল রাজস্বে গতি আনছে প্রমত্তা পদ্মা নদীর ওপর নির্মিত দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো এই পদ্মা সেতু। আর এ থেকে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যুক্ত করছে নতুন মাত্রা। পদ্মার বুক মাড়িয়ে চলতে থাকা যানবাহনগুলো থেকে দিন দিন যেনো বেড়েই চলেছে সেতুর টোল আয়। চলতি ঈদুল আজহায় টোলপ্লাজায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় সেতু কর্তৃপক্ষের আগেভাগেই ব্যাপক প্রস্তুতি ও সার্বক্ষণিক মনিটরিং থাকায় যাত্রী সাধারণ নির্বিঘ্নে এবং স্বস্তিতেই পদ্মা সেতু পাড়ি দিয়েছেন।



