নজরুলজয়ন্তী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, ত্রিশালে উৎসবের আমেজ

২৩, ২৪ ও ২৫ মে তিন দিনব্যাপী আয়োজিত এ নজরুলজয়ন্তী উপলক্ষে ত্রিশালে ভিড় জমাবেন দেশ-বিদেশের নজরুলভক্ত, কবি, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
নজরুলজয়ন্তী ঘিরে প্রস্তুতি
নজরুলজয়ন্তী ঘিরে প্রস্তুতি |নয়া দিগন্ত

ময়মনসিংহের ত্রিশাল এখন উৎসবের রঙে রাঙা। দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আগামীকাল শনিবার (২৩ মে) তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ত্রিশালে পৌঁছে প্রথমে বৈলর ইউনিয়নে ধরার খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করবেন। খালটি একসময় খনন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।

২৩, ২৪ ও ২৫ মে তিন দিনব্যাপী আয়োজিত এ নজরুলজয়ন্তী উপলক্ষে ত্রিশালে ভিড় জমাবেন দেশ-বিদেশের নজরুলভক্ত, কবি, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা। নজরুল মঞ্চে পরিবেশিত হবে কবির অমর সংগীত; পাশাপাশি বসছে নজরুল গ্রামীণ মেলা ও বইমেলা। পুরো এলাকা মুখর হয়ে উঠবে সাংস্কৃতিক আয়োজন ও মানুষের পদচারণায়।

সরকারি নজরুল অ্যাকাডেমি মাঠজুড়ে ইতোমধ্যে বসেছে ‘নজরুল গ্রামীণ মেলা’। পাঁচ শতাধিক দোকানে জমে উঠেছে কেনাবেচা। বিশাল প্যান্ডেল নির্মাণ, মঞ্চসজ্জা ও রংতুলির ছোঁয়ায় নতুন রূপ পেয়েছে আশপাশের এলাকা। শিল্পী ও কলাকুশলীরা ব্যস্ত সময় পার করছেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে।

স্থানীয় সংস্কৃতিকর্মীরা বলছেন, নজরুলজয়ন্তী ত্রিশালবাসীর প্রাণের উৎসব। জাতীয় পর্যায়ে আয়োজন হওয়ায় এবার উৎসবের মাত্রা আরো বেড়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি।