ময়মনসিংহের মুক্তাগাছায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শফিকুল ইসলাম শফু (৩৫) নামে ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে।
শনিবার (২৩ মে) বিকেলে মুক্তাগাছা উপজেলার রসুলপুর বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। ওই বাজারের মুদি দোকানি আল আমীনের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ ওঠে।
নিহত ব্যবসায়ী উপজেলার চানপুর গ্রামের মরহুম হাসুন আলীর ছেলে। তিনি ওই বাজারে কলার ব্যবসা করতেন।
এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বকুল মুন্সি নামে একজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর বাজারের মুদি দোকানি আল আমীন কিছুদিন আগে শফিকুল ইসলাম শফুর কাছ থেকে তিন হাজার টাকা ধার নেন। শনিবার বিকেলে শফু ধার দেয়া সেই টাকা চাইতে গেলে আল আমীনের সাথে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আল আমীন এসময় শফুকে দোকানের শাটারের সাথে ধাক্কা দিয়ে দুই হাতে শক্ত করে গলা চেপে ধরে। এতে শফু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।



