ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ জন।
মঙ্গলবার (২৫ আগস্ট) হাসপাতালটির ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন মোস্তফা ফয়সাল রাহাত বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮৪ জন পুরুষ, নয়জন নারী ও দুইজন শিশু। পুরুষ রোগীদের মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মমেক হাসপাতালে মোট এক হাজার ২১৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে আটজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন মোস্তফা ফয়সাল রাহাত বলেন, ‘ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে পৃথক ওয়ার্ড চালু রয়েছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘বর্তমানে ৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। রোগীর চাপ বাড়লেও পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।’
তবে সরেজমিনে দেখা গেছে, রোগীর চাপ বাড়ায় ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ডে স্বাভাবিক পরিবেশে চিকিৎসা দেয়া কঠিন হয়ে পড়েছে। ওয়ার্ডের পাশাপাশি মেঝে ও বারান্দাতেও রোগী ও স্বজনদের অবস্থান করতে হচ্ছে। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন অনেক রোগী। এতে একদিকে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা, অন্যদিকে দুর্ভোগ পোহাচ্ছেন রোগী ও তাদের স্বজনরা।
ডেঙ্গুর প্রকোপ বাড়ার সাথে সাথে হাসপাতালের চিকিৎসা অবকাঠামো ও রোগী ব্যবস্থাপনায় চাপ আরো বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, রোগীর সংখ্যা আরো বাড়লে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত শয্যা ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা জরুরি।



