এসএমপির অভিযানে ৩২ ঘণ্টায় গ্রেফতার ১০৫

নগরজুড়ে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারীসহ সর্বমোট ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৩২ ঘণ্টার গ্রেফতার ১০৫
সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৩২ ঘণ্টার গ্রেফতার ১০৫ |নয়া দিগন্ত

সিলেট মহানগর এলাকায় অপরাধ কর্মকাণ্ড দমন ও অপরাধীদের গ্রেফতারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযান অব্যাহত রয়েছে। গত ৩২ ঘণ্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে আরো ১০৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আটক ও গ্রেফতারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি ও মাদককারবারী রয়েছেন। এ সময় ১২২ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগের ৩২ ঘণ্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে ১০২ জনকে গ্রেফতার করা হয়েছিল। সেইসাথে ১৭৭ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

এসএমপি সূত্রে জানা গেছে, নগরজুড়ে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারীসহ সর্বমোট ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এরমধ্যে নিয়মিত মামলার আসামি ১১ জন, ওয়ারেন্টভুক্ত আসামি পাঁচজন ও পাঁচজন মাদকসেবী ও মাদক কারবারি রয়েছেন। এ সময় নগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ৫৩ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া এ সময় নগরী থেকে সাত দশমিক পাঁচ লিটার দেশীয় কেরু মদ, ৩২ পিস ইয়াবা ও ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে বিভিন্ন প্রকার ৫১টি গাড়ির বিরুদ্ধে মামলা প্রদান ও ৭১টি বিভিন্ন প্রকার গাড়ি আটক করা হয়।

এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত পরবর্তী আট ঘণ্টায় পৃথক অভিযানে আরো ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচজন নিয়মিত মামলার আসামি, পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামি, তিনজন মাদকসেবী ও মাদক কারবারি, সাতজন সন্দেহভাজন আসামি ও ১৮ জন হকার রয়েছেন। এ সময় ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আটক ও গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।