ফেনীর নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, ‘আমাদের এখন জুলাই বিপ্লব পরবর্তী সময়—যে রক্তের বিনিময়ে এ সময়টা এসেছে সেখানে নেয়াটা আমাদের কাছে মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হচ্ছে জনগণের সেবা দেয়া। যার জন্য আজ এত বড় অভ্যুত্থান হয়েছে।’
তিনি বলেন, জুলাই হত্যা নিয়ে কোনো বাণিজ্য হবে না। এসব মামলায় কোনো প্রকৃত দোষী যাতে বাদ না যায় সেটা নিয়ে আমরা সিরিয়াস থাকবো। যে দোষী তাদের কেউ বাদ যাবে না, সে যত বড় প্রভাবশালী হোক। কেউ যদি নিরপরাধ হয়ে থাকে তাকেও কোনো মামলায় ফাঁসানো হবে না।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফেনীর কোনো পুলিশ সদস্য পুলিশ ক্লিয়ারেন্সে বাবত উৎকোচ গ্রহণ করলে সে ফেনীতে চাকরি করতে পারবে না। আমার সময়কালে কোনো মামলা থেকে টাকা নিতে পারবে না, কোনো প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। থানার মামলা, অভিযোগ বা জিডি গ্রহণে কোনো হয়রানি করা যাবে না।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু: সাইফুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, মাদক ও কিশোর গ্যাং সামাজিকভাবে মোকাবেলা করতে হবে। আমরা এ বিষয়ে কাজ করবো। আমাদের সবার সামাজিক দায়বদ্ধতা রয়েছে।
তিনি আরো বলেন, ফুটপাতে হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি জেলা প্রশাসন ও পৌরসভার বড় ভূমিকা রয়েছে হকার উচ্ছেদে।



