লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর রাজিব হোসেন (১৪) নামে এক অটোরিকশা চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
পরিবারের দাবি, এক লাখ টাকা মুক্তিপণ না দেয়ায় তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে।
শনিবার (২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ চর-আবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট এলাকার একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে, শুক্রবার রাতে তাকে অপহরণ করে লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানিয়েছে পরিবারের লোকজন।
রাজিব দক্ষিণ চর-আবাবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফজু স্টেশন এলাকার অটোরিকশা চালক মোস্তফা ড্রাইভারের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, শুক্রবার (১ মে) রাত ৮টার পর রাজিব নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে ঘটনাটি পুলিশকে জানানো হয়। এর মধ্যে রাজিবের অটোরিকশাটি উপজেলার উদমারা এলাকা থেকে উদ্ধার করা হয়। নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর ক্যাম্পেরহাট এলাকার একটি বাগানে রাজিবের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
রাজিবের মামা শাহজাহান মাঝি বলেন, একটি মোবাইল ফোন নাম্বার থেকে রাজিবকে অপহরণ করা হয়েছে বলে কল দেয়া হয়। তারা তাকে ছেড়ে দিতে এক লাখ টাকা মুক্তিপণ চায়। ওই টাকা না দেয়ায় আমার ভাগিনাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনিচার্জ বেলায়েত হোসেন বলেন, নিখোঁজের পর রাজিবের অটোরিকশাটি উদ্ধার করা হয়। তবে তখন তাকে পাওয়া যায়নি। শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মুক্তিপণ দাবির বিষয়টি জানা নেই।



