রাজশাহী ব্যুরো
অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সঙ্কট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের নেতারা জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট অনুষ্ঠিত হয়। কিন্তু সেই গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকার টালবাহানা ও ষড়যন্ত্র করছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
তিনি আরো বলেন, সরকারের অব্যবস্থাপনা ও দলীয় সিন্ডিকেটের কারণে দেশে জ্বালানি সঙ্কট চরম আকার ধারণ করেছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে সৃষ্ট জনভোগান্তির দায় সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরীর আহ্বায়ক মোবাশ্বের আলী, রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যবসা ও কল্যাণ সম্পাদক অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্সসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



