দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিশোরগঞ্জের নিকলীতে এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়ের পরিবর্তে এক ঘণ্টা বিলম্বে শুরু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকেই কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সমস্যা হওয়ায় উপজেলার দুইটি পরীক্ষা কেন্দ্রে সকাল ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ পরিস্থিতিতে নিকলী উপজেলায় মঙ্গলবার এসএসসি পরীক্ষার সময়সূচি এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়। নিকলী জিসি পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও শহীদ সরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা ৫০ মিনিটে কেন্দ্র কর্তৃপক্ষ মাইকিং করে শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি অবহিত করেন।
জানা যায়, আজ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা নির্ধারিত সময়ের পরিবর্তে ১ ঘণ্টা বিলম্বে সকাল ১১টায় শুরু হয়।
শহীদ সরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো: সাফি উদ্দিন বলেন, ‘ঝড়বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দূর-দূরান্তের পরীক্ষার্থীরা যেনো কোনো অসুবিধায় না পড়ে, সে বিষয়টি বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেয়া হয়। মাধ্যমিক শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসনের অনুমতিক্রমে পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে সকাল ১১টায় শুরু করা হয়।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আলতাফ হোসেন বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি। তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে শুরু করা হয়েছে।’
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রেহেনা মজুমদার মুক্তি বলেন, ‘পরীক্ষার্থীরা দূর-দূরান্ত থেকে কেন্দ্রে আসতে দেরি করেছে। তাই বৈরী আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিদ্ধান্তে নিকলী উপজেলার সবগুলো কেন্দ্রে একযোগে সকাল ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’



