লালমনিরহাটের কালীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী নামে এক ক্লিনিকের পরিচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) ভুক্তভোগী ছাত্রীর মা মামলাটি করেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে স্কুলছাত্রীকে তার নিজ বাড়িতে ধর্ষণ করার অভিযোগ ওঠে।
অভিযুক্ত ইউসুফ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর কানার বাজার এলাকার মরহুম আছমত আলীর ছেলে। তিনি রংপুর নিউ রূপসী বাংলা নামে একটি ক্লিনিকের পরিচালক।
মামলার বিবরণে জানা গেছে, ক্লিনিকে ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের সদস্যদের চিকিৎসার সুবাদে পরিবারটির সাথে সখ্যতা গড়ে ওঠে ইউসুফের। বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীর মা শহরে গেলে বাড়িতে একা ছিলেন ভুক্তভোগী। তখন তার মায়ের মোবাইল নম্বর নেয়ার অজুহাতে বাড়িতে ঢোকেন ইউসুফ। এরপর তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন ও ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে চলে যান।
পরে ভুক্তভোগীর শারীরিক অবস্থার অবনতি হলে সে তার মাকে মুঠোফোনে ঘটনাটি জানায়। তার মা বাড়ি ফিরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘অভিযুক্ত বিষয়ে একটি ধর্ষণ মামলা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।’



