গাজীপুরের টঙ্গীতে ভাড়াটিয়ার সাথে বিরোধের জেরে থানায় অভিযোগ দিতে এসে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে টঙ্গী পূর্ব থানায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাড়াটিয়ার সাথে বিরোধের জেরে লিখিত অভিযোগ দিতে টঙ্গী পূর্ব থানায় আসেন শেখ বাদল আহমেদ। এ সময় থানার ভেতরে উভয় পক্ষের মধ্যে সমঝোতার আলোচনা চলছিল।
এদিকে খবর পেয়ে এনসিপির নেতাকর্মীরা থানার প্রধান ফটকের বাইরে জড়ো হয়ে তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। তারা ‘থানায় থানায় লীগ ঘুরে, প্রশাসন কী করে’ এবং ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন। পরবর্তীতে এনসিপি নেতাদের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ শেখ বাদল আহমেদকে গ্রেফতার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ জানান, বাদল আহমেদকে গ্রেফতার দেখানো হয়েছে এবং শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
অন্যদিকে টঙ্গী পূর্ব থানা এনসিপির আহ্বায়ক মঈন আহমেদ অভিযোগ করেন, বাদল আহমেদের বিরুদ্ধে বাগেরহাট জেলায় বৈষম্যবিরোধী চারটি মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে পরিচিত এবং বিগত সরকারবিরোধী আন্দোলনের সময় দমন-পীড়নে উস্কানি দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
এলাকাবাসী ও এনসিপি নেতাদের অভিযোগ, বাদল আহমেদের মালিকানাধীন তিন-চার তারকা মানের জাভান হোটেলে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বাদল এলাকার যুব সমাজকে বিপথগামী করেছেন। এ কারণেও তার বিচার দাবি করেন তারা।
এদিকে থানা সূত্রে জানা যায়, জাভান হোটেলে মাদককারবার ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বাদল আহমেদের বিরুদ্ধে দু’টি মামলা রয়েছে। এছাড়াও বৈষম্যবিরোধী মামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা থাকলেও তিনি বর্তমানে সব মামলায় জামিনে রয়েছেন।
তবে, বিতর্কিত ওই ভাড়াটিয়া তার হোটেলটি দখল করতে এনসিপিকে ব্যবহার করে পরিকল্পিতভাবে তাকে গ্রেফতার করানো হয়েছে- এমন অভিযোগও উঠেছে। যদিও এ বিষয়ে শেখ বাদল আহমেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, শেখ বাদল আহমেদ জার্মান শাখা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক (দুইবার) ছিলেন। এছাড়া তিনি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সাবেক ভিপি, জাভান হোটেলের ব্যবস্থাপনা পরিচালক এবং একটি শিল্প গোষ্ঠীর চেয়ারম্যান। শেখ পরিবারের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং শেখ রেহানা তার জাভান হোটেলের ব্যবসায়ীক পার্টনার বলেও তিনি বিগত দিনে দাবি করতেন।



