ইসলামী ব্যাংকের সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদ, এস আলম গ্রুপের ব্যাংক লুটের বিচার ও পাচার করা অর্থ ফেরত আনার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
রবিবার (২৪ মে) সকালে জেলা সদরের সেলিম ট্রেড সেন্টারে অবস্থিত ইসলামী ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ব্যাংকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান। তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী গোষ্ঠীর কারণে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও আর্থিক স্থিতিশীলতা ব্যাহত হচ্ছে।
মানববন্ধনে ফোরামের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মাহবুবুল হক সেলিম, সদস্য সচিব আমিনুল ইসলাম, সদস্য ডা: ইউসুফ ও সদস্য আরাফাত হোসেনসহ স্থানীয় গ্রাহকরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্তেরও প্রতিবাদ জানান তারা।
তারা বলেন, দায়িত্বশীল ও দক্ষ কর্মকর্তাদের সরিয়ে দেয়া কোনো সমাধান নয়। অবিলম্বে এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
বক্তারা আরো বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। একটি চক্রের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে ব্যাংকটি আজ সঙ্কটের মুখে পড়েছে। এস আলম গ্রুপের মাধ্যমে ব্যাংকের বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ অপকর্মের সাথে জড়িতদের বিচারসহ পাচার হওয়া অর্থ দ্রুত ফেরত আনতে হবে।
মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়।



