দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
তিতাস উপজেলা শাখা অধূমপায়ী ফোরামের (অফ) আয়োজনে ধূমপান নিরুৎসাহিতকরণ ও ক্ষতিকর বিষয়গুলো নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুমিল্লার তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, যেসমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন এবং যারা সদকায়ে জারিয়া হিসেবে সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করে তাদেরকে অনুসরণ করলে সুস্থ এবং মানবিক জীবন গড়া সম্ভব।
এ ধরনের সংগঠন ও প্রকৃত স্বেচ্ছাসেবীরা কোনো রকম বিনিময় ছাড়া কাজ করে থাকেন, এটার প্রতিদান পাওয়া যাবে সওয়াব হিসেবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে তিতাসের বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল হাইস্কুলের নতুন অ্যাকাডেমিক ভবনের তৃতীয় তলাস্থ অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধূমপায়ী ফোরাম (অফ) তিতাস উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহজামান শুভ।
সাধারণ সম্পাদক তাসীন তিহামীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক মো: হানিফ খান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মোখলেছুর রহমান ও বিশেষ অতিথিবৃন্দের মাঝে ফোরামের তিতাস উপজেলার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুন্সি মো: জসিম উদ্দিন মাস্টার, কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা মো: শাহ আলম, দাউদকান্দি শাখার প্রধান উপদেষ্টা খ্যাতিমান ক্রীড়া ব্যক্তিত্ব কামরুল হাসান গরীব, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: সবুজ মিয়া, সহসভাপতি ও অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা মো: ফারুক কামাল, তিতাসের উপদেষ্টা ও সাংবাদিক শাহজাহান মাস্টার, উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা শাহানারা আক্তার এবং রচনা প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগীর মাঝে বিজয়ী আটজনের পক্ষে নবম শ্রেণির সাফায়াত উল্লাহ বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন দাউদকান্দি শাখার কার্যনির্বাহী সদস্য মো: আমির হোসেন, তিতাস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো: মোতালিব হোসাইন।
ছবি ক্যাপশন: তিতাসে অধূমপায়ী ফোরামের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা অফিসার।



