ঝালকাঠির রাজাপুরে মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মো: খোকন মল্লিক (৪০) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
বুধবার (১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব আঙ্গারিয়া গুদিঘাটা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো: খোকন মল্লিক (৪০) উপজেলার সদর ইউনিয়নের পূর্ব আঙ্গারিয়া এলাকার মরহুম মানিত মল্লিকের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনে লুডু খেলা নিয়ে একই এলাকার আতিয়ার খানের সাথে খোকন মল্লিকের বাগবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।
এ সময় আতিয়ার খান তার ভাইয়ের ছেলে আদনান খানকে ঘটনাস্থলে ডাকেন। পরে আদনান খান দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এসে খোকন মল্লিকের ওপর হামলা চালায়। এতে খোকনের কোমরের বাম পাশে ও গালের বাম পাশে জখম হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে রাতেই রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত রয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



