ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গুজব ছড়িয়ে হান্নান (৪৫) নামে এক ট্রাকচালককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ মে উপজেলার বিননালিয়া নতুন হাটখোলা এলাকায় একটি গুজবকে কেন্দ্র করে উত্তেজিত জনতা হান্নানকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলে পরে তার মৃত্যু হয়। পরে তদন্তে জানা যায়, ঘটনাটি সম্পূর্ণ গুজবের ভিত্তিতে ঘটেছিল।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তের অংশ হিসেবে গত শুক্রবার (৯ মে) রাত ৯টার দিকে নগরকান্দা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মো: সাজেদুল মৃধা (২৫) নামে একজনকে গ্রেফতার করে।
গ্রেফতার সাজেদুল মৃধা উপজেলার দক্ষিণ বিননালিয়া মৃধাডাঙ্গী গ্রামের মো: অহিদ মৃধার ছেলে।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে এসআই সনাতনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।



