মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার শ্রীনদী-কালিরবাজার সড়কের আলমমীরের কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা ব্যাপারী আলমমীরের কান্দি এলাকার মৃত আজিমউদ্দিন ব্যাপারীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন মোস্তফা ব্যাপারী । এ সময় পেছন থেকে মাদারীপুরগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে ঘাতক মোটরসাইকেলটি উদ্ধার করা হলেও পালিয়ে যায় চালক।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে মাদারীপুরের শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাজেদুল ইসলাম।



