পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতাঃ
বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পটিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে পটিয়া উপজেলা মডেল মসজিদে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও সাবেক এমপি এনামুল হক এনাম।
অনুষ্ঠানে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন সংগ্রাম করেছেন। দেশের স্বার্থে তিনি কোনো সরকারের সাথে বা কোনো দলের সাথে আপস করেননি। তার বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস দেশের মাটি ও মানুষের সাথে গভীরভাবে জড়িত।
তিনি খালেদা জিয়ার আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনির আহমেদ সেলিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



