জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় ইনস্টিটিউট মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আফতাব উদ্দীন মোল্লা।
জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুর হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত, অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম, অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর শহর শিবিরের সভাপতি মাসুদ রানা, ফুলবাড়ী উপজেলা জামায়াত নেতা আনোয়ার হোসেন, ছাত্রশিবির উত্তর জেলা সভাপতি সোহানুর রহমান সোহান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা যাবে না। এ কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না বর্তমান সরকার। যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মানতে চায় না, স্বাধীন গুম কমিশন চায় না, যারা জুলুম নির্যাতনের ধারা অব্যাহত রাখতে চায়, তারাই গণভোটের রায় মানতে চায় না।
বক্তারা আরো বলেন, অবিলম্বে গণভোটের গণরায় মেনে নিন। দেশের ৭০ ভাগ মানুষ গণভোটে রায় দিয়েছে। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে অনেক সময় ব্যয় হয়েছে, কিন্তু আজও সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি।
বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলন করতে হবে এমনটা আমাদের আশা ছিল না। তাই দেশের ৭০ ভাগ মানুষের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জুলাই সনদ মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বিশাল গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।



