নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বিদ্যৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার শিল্পনগরীর মেঘনাঘাট জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) বদরুল হায়দার (৫০)।
তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের সহকর্মীরা জানান, মেঘনা ঘাটে অবস্থিত জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা সবাই দুপুরে তাদের নিজস্ব ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। তখন ভেতরে একটি বিস্ফোরণ হয়। এতে ক্যান্টিনে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ, পা পুড়ে যায়। তাদেরকে উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা: শাওন বিন রহমান জানান, দুপুরে হাসপাতালে ১২ জন রোগী এসেছেন। কার কত শতাংশ পুড়ে গেছে তা দেখা হচ্ছে। পরবর্তীতে জানানো হবে।
বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে আমির, শংকর, কাওছার ও আল আমিন ক্যান্টিন বয়। বাকিরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা। দুপুরে রান্নার পর অসাবধানতা বসত গ্যাসের চুলা চালু ছিল। তখন কেউ একজন আগুন ধরাতেই এ ঘটনা ঘটে।



