মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইলজুরী গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুন্নাফ (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৪ জুন) রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি মরহুম আব্দুল জব্বার মুন্সীর সন্তান।
বুধবার (২৪ জুন) সকাল ১১টায় বাইলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে ঘিওর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: তানভীর ইসলাম এবং ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান।
এ সময় মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। পরে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুন্নাফের মৃত্যুতে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।



